কুমারখালী থেকে অপহরণের ১৫ দিন পর এক মাদ্রাসার ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহরণের ১৫ দিন পর মারুফ শেখ নামের এক মাদ্রাসার ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী সাইদুর রহমানকে (৩৮) আটক করা হয়েছে। শনিবার সকালে অভিযানে নেতৃত্ব দানকারী কুমারখালী থানার উপপরিদর্শক রাজিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। মারুফ শেখ কুমারখালী উপজেলার কাসিমপুর গ্রামের আরিফুল শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। কুমারখালী থানার উপপরিদর্শক রাজিব হাসান জানান, গত ১৭ আগস্ট (শুক্রবার) বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলার সময় মারুফকে আপহরণ করে সাইদুর রহমান। এরপর মারুফের মায়ের মোবাইলফোনে ফোন দিয়ে মারুফকে অপহরণের কথা স্বীকার করে অপহরণকারী ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দিন রাতেই অপহৃত মারুফের মা আনোয়ারা বেগম কুমারখালী থানায় সাইদুর রহমানকে আসামি করে অভিযোগ দায়ের করেন। রাজিব হাসান আরো জানান, অপহরণকারীর মুঠোফোনের লোকেশন ধরে শুক্রবার রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানার পেছনের একটি মার্কেটে অভিযান চালিয়ে একটি ফার্নিচারের দোকান থেকে মারুফকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে অপহরণকারী সাইদুর রহমানকে আটক করা হয়।