কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাদ্দাম চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি এলাকার আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ১২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুরের কড়ইবন রাস্তার মাথায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় গোলাগুলিতে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চলমান মাদকবিরোধী অভিযানে জেলার কোতোয়ালিতে তিনজন, সদর দক্ষিণে দুইজন, বুড়িচংয়ে দুইজন, ব্রাহ্মণপাড়ায় দুইজন এবং দেবিদ্বারে একজন, মুরাদনগরে দুইজন ও চৌদ্দগ্রামে দুইজনসহ মোট ১৪ জন মাদক ব্যবসায়ী কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।


