আন্তর্জাতিক ডেস্ক : কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ওপর আকাশ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইরাক সরকার। শুক্রবারের মধ্যে কুর্দি সরকারের নিয়ন্ত্রিত বিমানবন্দরের দায়িত্বভার ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা না হলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি হুমকি দিয়েছেন।
সোমবার স্বাধীনতার প্রশ্নে কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৭২ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার কুর্দি নেতা মাসুদ বারজানি জানিয়েছেন, জনগণ স্বাধীনতার পক্ষেই ভোট দিয়েছে।
বুধবার ইরাকি প্রধানমন্ত্রী বলেছেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩টার মধ্যে কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে বিমানবন্দরের নিয়ন্ত্রণ ক্ষমতা ইরাক সরকারের হাতে ন্যাস্ত করতে হবে।
আল-জাজিরা জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় অভ্যন্তরীণ বিমান চলাচলকে অর্ন্তভূক্ত রাখা হয়নি। এছাড়া মানবিক ও জরুরি বিমান সেবা এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
শুক্রবারের মধ্যে কুর্দি সরকার যদি কেন্দ্রীয় সরকারের হাতে সীমান্ত চৌকিগুলোর দায়িত্ব হস্তান্তর না করে তাহলে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বানও জানিয়েছে বাগদাদ।


