কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন (৫৭) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জুনিয়াদহ পুলিশ ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। মোতালেব ওই ক্যাম্পের আনসার নায়েক হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরগুনা জেলায়।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের স্থায়ী ভবন না থাকার কারণে পুলিশ ক্যাম্পটি ইউপি ভবন ব্যবহার করে আসছে। দুপুরে ওই আনসার সদস্য গোসল শেষ করে ছাদে পোশাক রোদে শুকাতে দিতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


