কুড়িগ্রামে এসিড নিক্ষেপকারীর ৭ বছর কারাদণ্ড

জেলা প্রতিবেদকঃ কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এসিড নিক্ষেপের ঘটনার মামলায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এসিড অপরাধ দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এই দণ্ডাদেশ দেন। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এস আব্রাহাম লিংকন জানান, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর গ্রামের মঞ্জু মিয়ার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল একই গ্রামের আমিনুল ইসলামের।

এরই জের ধরে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এসিড হামলার শিকার হন। এই ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ বছর পর এ মামলার আসামি আমিনুলকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত।