কুড়িগ্রামে জমাজমির বিরোধে এসিড নিক্ষেপকারীর ৭ বছরের জেল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জমাজমির বিরোধ সংক্রান্ত ঘটনায় এসিড নিক্ষেপকারী আমিনুল ইসলামের ৭বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএস আব্রাহাম লিংকন জানান, এসিড অপরাধ দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এই রায় দেন। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন রেহানা খানম বিউটি।
জানা গেছে,সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচ্চির গ্রামের মঞ্জু মিয়ার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল একই গ্রামের আমিনুল ইসলামের। ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এসিড হামলার শিকার হন।পরে আমিনুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।দীর্ঘদিন পর ওই মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আমিনুলকে দোষী সাব্যস্ত করে ৭বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত।