কুড়িগ্রামে ধরলা নদীর প্রবল ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ধরলা নদীর প্রবল ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের দছিমুদ্দির মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত এলাকার ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধনে অংশগ্রহন করেন বিভিন্ন বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকসহ সকল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোগলবাসা দছিমুদ্দির মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত চার কিলোমিটার এলাকা জুড়ে করালগ্রাসী ভাঙ্গনের কবলে একের পর এক বিলীন হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ইতোমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙ্গনের হুমকিতে রয়েছে জেলা পরিষদের কুড়িগ্রাম-চিলমারী সড়ক, মোগলবাসা ইউনিয়ন পরিষদ ও একমাত্র বাজার, তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিস্তীর্ণ আবাদি জমি।
এসময় বক্তব্য রাখেন, মোগলবাসা ইউপি চেয়ারম্যন নুরুজ্জামান বাবলু, মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সেনের খামার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, মোগলবাসা ঘাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম রাজা, স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান প্রমুখ।