কুড়িগ্রামে নির্যাতনের শিকার পিতৃহীন কিশোরী আসমানীর স্বপ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি :  নির্যাতনের শিকার পিতৃহীন কিশোরী আসমানী এখন বাঁচতে চায় নতুন করে। বাল্যবিবাহ জীবনকে তছনছ করে দিলেও সে এখন স্বপ্ন দেখছে।তার এই স্বপ্ন দেখাতে হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন কিছু হ্নদয়বান মানুষ। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাজলদহ গ্রামের দিনমজুর আমজাদ হোসেন ও নাজমা বেগমের দুই কিশোরী সন্তানের মধ্যে আসমানী ছোট সন্তান। দুই বোন আর মাকে নিয়ে দিনমজুর বাবা তাদেরকে অনেক কষ্টে মানুষ করছিলেন। সামান্য জমানো টাকায় বড় মেয়েকে পার্শবর্তী রাজারহাট উপজেলায় বাল্যবিয়ে দেয়।পড়াশুনার শখ থাকায় আসমানীকে ভর্তি করানো হয় মাদ্রাসায়।তার বাবা আমজাদের মৃত্যুতে মা নাজমা বেগমের মাথায় আকাশ ভেঙে পরে। কিশোরী মেয়েকে নিয়ে তিনি চরম সংকটের মধ্যে পরে যান। এই অবস্থায় মায়ের বাড়িতে চলে আসেন তিনি। দাদীর বাড়িতেই পড়াশুনা চলছিল আসমানীর।
চলতি বছরের জানুয়ারি মাসে দেবর আশরাফুল ইসলাম পাশেই তার বাড়িতে মেয়েসহ নাজমা বেগমকে ডাকেন। সেখানে গিয়ে জানতে পারেন আসমানীর বিয়ের আয়োজন করা হচ্ছে। ছেলে একই ইউনিয়নের আলোরচর গ্রামের নবরুদ্দির পূত্র। নাম আলামিন। আসমানীকে কিছু বুঝতে না দিয়ে মৌলভী দিয়ে বিয়ে পড়ানো হয়। বিয়ে অস্বীকার করে আসমানী। শশুরবাড়ির লোকজন চেষ্টা করেও তাকে বাড়িতে নিয়ে যেতে পারেনি। ফলে পরিবারের সবাই ক্ষীপ্ত হয়ে ওঠে। এনিয়ে চাচা আশরাফুল, মা, বোন ও দাদী তাকে বিভিন্নভাবে মারধোর করে। একদিন ছেলেটি জোড় করে ঘরে ঢুকলে তার সাথে আসমানীর হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ছেলেটি আসমানীকে ওড়না দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে। তার চাচা তাকে নদীতে ফেলে দেওয়ার হুমকী দেয়। এতেও কথা না শোনায় ৯হাজার টাকায় কবিরাজ এনে চিকন কঞ্চি দিয়ে আসমানীকে পেটানো হয়। এ ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যায় মেয়েটি।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, আসমানী নামে নির্যাতিতা মেয়েটি আমার বাড়িতে এসে জানায় সে আর বাড়ি ফিরবে না। তাকে আশ্রয় না দিলে সে আত্মহত্যা করবে। আমি মেয়েটিকে আশ্রয় দিয়ে পরদিন তার অভিভাবকদের ইউনিয়ন পরিষদে ডেকে আনি। সেখানে সালিশ বৈঠকে মেয়েটি জানায় তাকে বাড়িতে ফেরানোর চেষ্টা করা হলে সে জীবন দিয়ে দেবে। মেয়েটির নিরাপত্তার কথা ভেবে আসমানীকে আমার বাড়িতে রাখি।আসমানী জানায়, আমি পড়তে চাই। আরও জানতে চাই। আমাদের সমাজে মেয়েদের মতামতের গুরুত্ব না দিয়ে তাদেরকে জোড় করে বাল্যবিয়ে দেয়া হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন জানান, মেয়েটির নিরাপত্তার কথা ভেবে তার পরিবারের কাছে মুছলেকা নিয়ে ঘোগাদহ ইউপি চেয়ারম্যান শাহ আলমের জিম্মায় দেয়া হয়েছে। মেয়েটির উচ্চ শিক্ষার জন্য আমরা পাশে থাকবো।