কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখীউড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত জামাল হোসেনের (১৯) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নিহত জামালের চাচা মোজাম্মেল হকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে, এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতেই কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জামালের বড়ভাই নজরুল ইসলাম।
এরআগে শনিবার ভোরে উপজেলার কচাকাটা এলাকার পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর সাব-পিলার ৪ ও ৫ এর মাঝামাঝি স্থান দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বিএসএফ জামালকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পরিবার ও সহযোগীদের। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, রোববার ময়নাতদন্ত শেষে নিহত জামালের মরদেহ তার চাচা মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় শনিবার রাতেই নিহত জামালের বড়ভাই নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


