কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে আটক বৃদ্ধকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ধর্ষণের ঘটনা ঘটলে রাতেই তাকে আটক করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নে সাত বছরের এক শিশু বাড়ির পাশের উঠানে খেলা করছিলো। এ সময় বৃদ্ধ হবিবর রহমান তাকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নেয়। রাতে শিশুটির দাদা বাদী হয়ে হবিবরকে আসামি করে কচাকাটা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
নাগেশ্বরীর কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ঘটানাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং অভিযুক্তকে আটক করে রাতেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা অনেকটাই ভালো। শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।


