কুয়েতের আমির আল-সাবাহর মৃত্যুতে শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে শুক্রবার স্বাক্ষর করেন তিনি।

এ সময় ড. মোমেন উল্লেখ করেন, শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

ড. মোমেন বলেন, শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিমবিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারাল। কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের আমিরের অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

ড. মোমেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।

শোক বইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ. এইচ হায়াত উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান শেখ সাবাহ।