কেনিয়ায় একটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে নাইরোবির অন্যতম বৃহত্তর খোলাবাজার জিকোম্বাতে এ ঘটনা ঘটেছে। এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনে ৭০ জন লোক আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

জরুরি সেবা সংস্থা সেন্ট জন অ্যাম্বুলেন্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে এবং পরবর্তী ৯০ মিনিটের মধ্যে এটি আশেপাশের কয়েকটি অ্যাপর্টমেন্ট ও ছাউনিতে ছড়িয়ে পড়ে।

সংস্থাটির নাইরোবির আঞ্চলিক সমন্বয়ক কাঙ্গেথে জানিয়েছেন, নিহতের সংখ্যা ১৫ তে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘পাঁচজনের মৃতদেহ হাসপাতালে এসে পৌঁছেছে। তবে এখনো দগ্ধ ভবনে নয়টি মৃতদেহ পড়ে আছে। কারণ আমরা ওই সব ভবনের নিরাপত্তা নিশ্চিত হতে চাইছি।’

তিনি আরো জানান, নিহত অপর ব্যক্তির দেহ আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় ৭০ জন আহত হয়েছে।