কেমন আছেন ইরফান শারীরিক অবস্থা?

ইরফান খান

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ইরফান খান। বলিউড, হলিউড এমনকি বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। বিশ্বে তার কোটি কোটি ভক্ত। কিছুদিন আগে ইরফান জানান, নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত তিনি। এরপর থেকে এ অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন এ অভিনেতা। কিন্তু প্রিয় অভিনেতার রোগ নিয়ে ভক্তদের দুশ্চিন্তার শেষ নেই। এর মধ্যেই সম্প্রতি খবর প্রকাশিত হয়, ইরফানের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। বড়জোর এক মাস বাঁচবেন তিনি।

তবে ইরফানকে নিয়ে এ ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ করেছেন তার মুখপাত্র। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফানের শারীরিক অবস্থা নিয়ে যে খবর ছড়িয়েছে তা সত্য নয়। আমরা পরিবার ও বন্ধু হিসেবে মিডিয়াকে অনুরোধ করব তারা যেন ইরফানকে সহযোগিতা করে ও তার জন্য প্রার্থনা করে। কোনো সত্যতা না জেনে ও আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে গুঞ্জন ছড়ানো ঠিক নয়। ইতিবাচক উন্নতি হচ্ছে এমন কারো স্বাস্থ্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাস থেকে না নিতে আমরা আবারো সবাইকে অনুরোধ করছি।’