ক্লাসে ঢুকে ছাত্রীদের প্রেমের প্রস্তাব!

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে ক্লাসের ঢুকে ছাত্রীদের প্রেমের প্রস্তাবের নামে ইভটিজিং করার অপরাধে সাগর রহমান (১৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার দিলালপুর ছাদরপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে বখাটে যুবক সাগর বেশ কয়েক দিন ধরে স্থানীয় শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে গিয়ে বসে থাকত। স্কুলের ক্লাস শেষ হলে ছাত্রীরা ক্লাসের বাহিরে বের হলে তাদের দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন। যুবকের এমন আচরণে স্কুলের শিক্ষকরা যুবককে স্কুলের কাছে না আসতে নিষেধ করলেও আসত।

রোববার দুপুর ১২টায় অভিযুক্ত যুবক সাগর পূর্বের মতো মাঠে আস। এ সময় সপ্তম শ্রেণির ক্লাস শেষে করে শিক্ষক বের হন। এ সময় সাগর ক্লাস রুমে ঢুকে বেশ কয়েকজন ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এ ঘটনায় ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে অবগত করলে ওই বখাটে যুবককে স্কুলে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়াকে জানান।

পরে দুপুর ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা স্কুলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবককে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার সময় সাগরের পিতা বাবুল হোসেন উপস্থিত হন। তিনি জানান- তার ছেলে মানসিক রোগে আক্রান্ত মর্মে চিকিৎসকের ব্যবস্থাপনাপত্র দেখালে ওই যুবককে থানায় নিয়ে গিয়ে ছেলে এমন কাজ আর করবে না মর্মে লিখিত দিলে যুবককে তার পিতার হেফাজতে দেওয়া হয়।

শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদা সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যুবক মানসিক রোগে আক্রান্ত হওয়ায় তার পিতার হেফাজতে দেওয়া হয়েছে।