ক‌রোনা ভাইরাস- দেশে ৩৮২ পোশাক শ্রমিক আক্রান্ত, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনাভাইরাসে ১৬২টি কারখানার ৩৮২ জন পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

সোমবার (১৫ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প পুলিশ) ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বিজিএমইএ’র ৬১টি কারখানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০৩ জন। আর মারা গেছেন দু’জন। বিকেএমইএ’র ২৭টি কারখানায় ৮৪ জন। বিটিএমএ’র ৩টি কারখানায় ৪ জন।

বেপজার ৪৮টি কারখানায় ৬০ জন ও অন্যান্য ২৩টি কারখানায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মারা গেছেন একজন। সবমিলিয়ে ১৬২ কারখানায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।

বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনও পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত শ্রমিকের তথ্য দেয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। পাশাপাশি চারটি জোন ভাগ করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া যে শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছেন তাকে এবং ওই শ্রমিকদের সংস্পর্শে আসা অন্যদেরও ছুটিতে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। যারা বেশি অসুস্থ তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। যার খরচ বহন করছেন কারখানার মালিকরা।