খাগড়াছড়িতে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা থেকে ফারুক হোসেন (২৩) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১০ নম্বর ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফারুক মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মো. আলম ওরফে মিষ্টি আলমের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ফারুক মহালছড়ি থেকে ভাড়া নিয়ে আলুটিলা যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা মহালছড়ি ও খাগড়াছড়ি থানায় মৌখিকভাবে জানিয়ে ছিলেন। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহালছড়ি মহেন্দ্রের লাইন ম্যানেজার হারাধন বনিক বলেন, নিখোঁজের পর থেকে আমরা ফারুককে খোঁজাখুঁজি করেছি। তার কোনো হদিস পাচ্ছিলাম। পরে তার মরদেহ পাওয়া যায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, পরিবারের পক্ষ থেকে ফারুক নিখোঁজের সাধারণ ডায়েরি করার পর মাটিরাঙা থেকে তার মরদেহ উদ্ধারের খবর আসে। মাটিরাঙা থানার ওসি সামছূদ্দিন ভূঁইয়া  বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।