খাদিজা পুলিশকে শর্ত দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ঘিরে রাখা বাড়িতে অবস্থান করা জঙ্গি মারজানের বোন খাদিজা পুলিশকে শর্ত দিয়েছেন। খাদিজা পুলিশকে বলেছেন ‘আমার মা-বাবাকে এনে দেন। তারপর আপনাদের সঙ্গে কথা বলবো।’

সোমবার দুপুর ২টার দিকে খাদিজা ওই ভবনের দুইতলার ব্যালকনিতে এসে এ কথা বলেন। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সুপার বেলা ১১টা ১৫ মিনিটে খাদিজাকে আত্মসমর্পণের আহ্বান জানান। এর পর দুপুর ২টার দিকে খাদিজা ভবনের ব্যালকনিতে এসে পুলিশকে শর্ত দিয়েছেন। তিনি তার বাবা-মাকে এনে দেওয়ার কথা বলেন। এরপর তিনি ভিতরে চলে যান।

একেএম আজমল হুদা বলেন, ‘খাদিজার বাবা-মায়ের নাম ঠিকানা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।’

এর আগে সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান হ্যান্ড মাইকে খাদিজা ও তার পরিবারের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানান।

হ্যান্ড মাইকে আনিসুর রহমান বলেন, ‘খাদিজা আপনি বেরিয়ে আসেন। আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনার সঙ্গে শিশুও রয়েছে। তাদের কথা চিন্তা করে আপনি বেরিয়ে আসেন। আপনি আত্মসমর্পণ করেন। আমরা আপনার সকল সহযোগিতা করবো।’ তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ সুপারের আহ্বানে সাড়া দেননি খাদিজা।

 

পরে ঘটনাস্থলে ব্রিফিং করেন আনিসুর রহমান। তিনি জানান, ওই বাড়িতে পাঁচটি পরিবার ছিল। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাড়ির দ্বিতীয় তলায় জঙ্গি মারজানের বোন খাদিজা রয়েছেন। তার সঙ্গে একাধিক শিশু রয়েছে।

এর আগে সোমবার ভোর ৫টার দিকে এএসপি মাহবুবের নেতৃত্বে সোয়াতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। টিমটি ওই এলাকা পরিদর্শন করেছে।

শহরের ঘোপ এলাকার ওই বাড়িটি রোববার মধ্যরাত থেকে ঘিরে রাখা হয়েছে। সোয়াতের দেওয়া তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে।

বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমান। তার ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মশিউর রহমান একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, রাত ২টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় সাংবাদিকসহ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান (ক- সার্কেল) সাংবাদিকদের জানান, সোয়াতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।