খানসামায় অবৈধ ট্রাক্টরের মহোৎসব

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের খানসামায় গ্রামীণ রাস্তা-ঘাট গুলো যেন নিষিদ্ধ ট্রাক্টর ও ট্রলির দখলে! উপজেলার সর্বস্তরের গ্রামীণ সড়কে এসব যানগুলো সারাদিনই বেপরোয়া ভাবে মহোৎসবে দাপিয়ে বেড়াচ্ছে। যন্ত্রদানব এ যানগুলোর বেপরোয়া চলাচলে গ্রামের মেঠোপথের মাটি আলগা হয়ে তা পরিণত হচ্ছে ধুলোবালিতে। বেপরোয়া গতি ও কানফাটা আওয়াজে চলাচলকারী ট্রাক্টরের কারণে গ্রামীণ জনপদে বাড়ছে শব্দ দূষণ। অবৈধ এ যানগুলোর প্রতি স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই বললেই চলে!
স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ যন্ত্রদানবের প্রতি স্থানীয় প্রাশাসন উদাসিন। এলাকার প্রভাবশালীদের খুঁটির জোরে এসকল ট্রাক্টর চলছে বহাল তবিয়তে।সোস্যাল মিডিয়ায় গত ২দিন থেকে ফেসবুকে প্রতিবাদ ও দৃষ্টি আকর্ষণ করে অনেকে পোষ্ট করছে।সকলেই ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুধুমাত্র চাষাবাদের জন্য এসব আমদানি করা হলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। এসব যানবাহনে নেই কোন বৈধ কাগজপত্র ও রোড পারমিট । তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় এসব যানবাহন চলাচলের কাজে নিয়োজিত রয়েছে ১৪-১৫ বছর সহ অপ্রাপ্ত বয়সের শিশু-কিশোর। ফলে এসব অবাধে চলাচলের সুযোগ পাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
সরেজমিনে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামের ৯নং ওয়ার্ডের খবির শাহ্ পাড়া এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, পাড়া-মহল্লা ও গ্রামীণ এলাকার সংযুক্ত সড়ক গুলোতেও দিন-রাত চষে বেড়াচ্ছে এসব অবৈধ ট্রাক্টর ও ট্রলি। গ্রামীণ সড়কের চলাচলকারী এবং রাস্তার পাশে বসবাসকৃত জনসাধারণ অবৈধ ট্রাক্টরের জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছে। রোড পারমিট বিহীন ট্রাক্টর ও লাইসেন্স বিহীন চালকের কারণে দোকান পাট, রাস্তা-ঘাটের চলাচলকারী মানুষকে সার্বক্ষনিক উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে চলাচল করতে হচ্ছে। বিকট শব্দে সাদা পাউডারের মত ধুলা উড়িয়ে ট্রাক্টরগুলো দাপিয়ে বেড়াচ্ছে। এসব ট্রাক্টর ও ট্রলির বেপরোয়া চলাচলে রাস্তা-ঘাট ভেঙে যেন ধুলার চর পড়েছে।
এ বিষয়ে পথচারিদের সাথে কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে বলেন, এসব গাড়ি চলাচলের সময় আশেপাশের এলাকা কুয়াশার মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। এরকম অন্ধকারাচ্ছন্ন ধূলোর মধ্যে দিয়েই আমাদের যাতায়াত করতে হয়। আর ধুলোর মধ্যে দিয়ে যাতায়াত করায় সর্দি কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে। অতি দ্রুত মানুষের জীবন অতিষ্ঠকারী এসব যন্ত্রদানব প্রতিরোধ করতে হবে। এসব ট্রাক্টরগুলোর বেপরোয়া অবাধ চলাচল বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসি।