খানসামায় বোরো ধান কাটা ও মাড়াই কাজে ব্যাস্ত কৃষকরা

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় আগাম জাতের বোরো ধান কাটা ও মাড়াই উৎসবে মেতে উঠেছেন কৃষকরা। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এই উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের আশানুরূপ ফলন হওয়ায় কৃষক-কিষানির চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ঝিলিক। বর্তমানে বাজারে ধানের দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, দিগন্ত জোড়া মাঠ সেজেছে সবুজ ও হলুদ রঙ্গে। পরিবর্তন মাঠে ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠছে গ্রামীণ জনপদ। মাঠজুড়ে কৃষকের ফলানো সোনালী রং ধানের ছড়াছড়ি।
জানা গেছে, বোরো ধান রোপনের পর থেকেই ফসলের মাঠে কৃষকের নিবিড় পরিচর্যা, সময় মতো সার, সেচ ও কীটনাশক প্রয়োগের কারণে আবাদ হয়েছে বেশ ভালো। তাছাড়াও ফসলের মাঠে তেমন কোন রোগ বালাইও নেই। সব মিলিয়ে এবারের আবাদে সবাই পরিতৃপ্ত। এখন শুধু অপেক্ষা নিরাপদে ফসল ঘরে তোলার।
উপজেলা কৃষি অফিসার  কৃষি বিদ বাসুদেব রায় প্রতিনিধিকে জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৩ হাজার ৪৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। তবে আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৯৪০ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।
উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সর্বদাই কৃষকের পাশে থেকে বোরো আবাদে কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসছিলেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে এমন আশা করছেন এ উপজেলার কৃষকরা।
কৃষক ও দিন মজুররা দলবদ্ধভাবে জমিতে ধান কাটার ব্যস্ত সময় পার করছেন। তাদেরকে নানাভাবে সাহযোগিতা করছেন তাদের পরিবারের অন্য সদস্যরাও। ইতোমধ্যে আগাম ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে।উপজেলা ঘুরে কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। গতবারের তুলনায় আমরা এবার আশানুরূপ ভালো ফলন পাবো।আঙ্গার পাড়া ইউনিয়নের কৃষক জবেদ আলী বলেন, এবারে বোরো ধানের আবাদ বেশ ভালো হয়েছে। রোগ বালাইও তেমন একটা নেই। বর্তমানে আবহাওয়াও অনুকূলে রয়েছে। এই অবস্থা বিদ্যমান থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে। তবে ১০ থেকে ১৫ দিনের মধ্য পুরোদমে শুরু হবে ধান কাটা।