খুব বেশি কিছু পরিবর্তন হয়নি: পাওলি দাম

বিনোদন ডেস্ক : গত বছর ৪ ডিসেম্বর প্রেমিক অর্জুন দেবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী পাওলি দাম। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর পুরোপুরি সংসারী হয়ে গেছেন এই নায়িকা।

বিয়ের পর অনেক দিন বিরতিতে ছিলেন পাওলি। আবারো কাজে ফিরেছেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় জানতে চাওয়া হয় বিয়ের পর জীবনে কতটা পরিবর্তন এসেছে? জবাবে পাওলি দাম বলেন, ‘খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। দুইদিক ব্যালেন্স করে চলতে হচ্ছে। আগে শুধু বাবা-মা-ভাই আর কাজ ছিল। এখন পরিবার বড় হয়ে গিয়েছে। আর অর্জুনের পরিবারের সকলেই ভীষণ আড্ডাপ্রেমী। কাজের সঙ্গে গল্প, আড্ডাও তো করতে হবে নাকি!’

শ্বশুর বাড়িতে তা হলে দিব্যি মানিয়ে নিয়েছেন? এমন প্রশ্ন করা হলে পাওলি বলেন, ‘মানিয়ে বললেও কম বলা হয়। শ্বশুর বাড়ির সবার কাছে আমি ভীষণ আদুরে। যা বলার মতো নয়। আমার শাশুরি মা অনেক জায়গায় কাজে যান। আমার শাড়ি পছন্দ তাই তিনি সব জায়গা থেকে শাড়ি কিনে নিয়ে আসেন।’

বিয়ের পর দুই মাস ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। এর উত্তরে পাওলি বলেন, ‘বিয়ের পর এই বিরতিটা দরকার ছিল। সময় ভাগ করে নিয়েছি। কাজ না থাকলে গুয়াহাটি চলে যাই। অর্জুনও কলকাতায় চলে আসে। বিয়ের পর অগ্রাধিকার বদলে গেছে। লোভ দেখাতে পারবে এমন কাজ চাই। শুধু কাজের জন্যই সিনেমা করব না।’