খুলনায় উৎসব বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ‘স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ’ উপলক্ষে বিভাগীয় শহর খুলনায় বৃহস্পতিবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় নগরীতে ‘আনন্দ শোভাযাত্রা’ বের হয়। খুলনা জেলা প্রশাসন শোভাযাত্রার আয়োজন করে।

নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্ক পর্যন্ত শোভাযাত্রায় তালুকদার আবদুল খালেক এমপি, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধারা, বিভাগীয় প্রশাসন, ডিআইজি অফিস, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, খুলনার অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

শোভাযাত্রার সম্মুখভাগে ছিল বিভিন্ন ব্যান্ড পার্টির সুসজ্জিত বাদক দল। শোভাযাত্রা শেষে শহীদ হাদিস পার্কে জেলা তথ্য অফিসের উদ্যোগে পরিবেশিত হয় উন্নয়নমূলক সঙ্গীত।

‘স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ’- উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ২৪ মার্চ খুলনা পিআইডি’র আয়োজনে শহীদ হাদিস পার্কে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উন্নয়নমূলক চিত্র প্রদর্শনী, ২৪ মার্চ বিকেল ৫টা থেকে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।