খুলনায় গত মার্চ মাসে ৩ খুন, ৩ ধর্ষণ ও ১৭ নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ৩৫৮টি মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়। সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা জেলার ৯টি উপজেলায় মার্চ মাসে ৩টি খুন, ৩টি ধর্ষণ, ১৭টি নারী ও শিশু নির্যাতন ও ২টি চুরিসহ ১৪৩টি মামলা দায়ের হয়েছে। ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৬০টি।

এছাড়া খুলনা মহানগরীর ৮ থানায় গত মার্চ মাসে ২টি ধর্ষণ, ১৩টি নারী ও শিশু নির্যাতন, ১টি রাহাজানি ও ৭টি চুরিসহ ২১৫টি মামলা দায়ের হয়েছে। ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৭৪টি।

সভায় সড়ক দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে খুলনা মহানগরীতে থ্রি হুইলার গাড়ির চালকদের লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনসহ অন্যান্য কাগজপত্র কঠোরভাবে পরীক্ষা ও যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে থ্রি হুইলার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না মর্মে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শহরের মধ্যে দিনের বেলায় বাস ট্রাক যাতে চলাচল করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান। সভায় সিভিল সার্জন, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুক্তিযোদ্ধা, কেএমপি, বিজিবি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।