নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের মাঝুখান এলাকায় তারা মিয়া (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত তারা মিয়ার বাড়ি টাঙ্গাইলে। তিনি মাঝুখান এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর সহকারীর কাজ করতেন। জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, তারা মিয়া আকলিমাদের বাড়িতে ভাড়া থাকতেন। প্রায় চার বছর আগে আকলিমার স্বামী মারা যান। আকলিমার সঙ্গে তারা মিয়ার অনৈতিক সম্পর্ক আছে এলাকায় প্রচার রয়েছে। এ নিয়ে গ্রাম্য শালিসে চার মাস আগে তারা মিয়াকে ওই ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়। এর জেরে রোববার সকালে আকলিমার স্বজনরা তারা মিয়াকে ধরে নিয়ে পিটুনি দেয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। এসআই সফিকুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আকলিমাসহ তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


