গাজীপুরে ট্রাকে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের সদর উপজেলার দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের তিনজন মারা যায়।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনই পুরুষ।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআাই আব্দুল মালেক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একপাশে খালি ট্রাক দাঁড়ানো ছিল। সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের নিচে ঢুকে পড়ে।

পরে মাইক্রোবাসে থাকা চালক এবং দুইযাত্রীকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।