নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভূলেশ্বরটেক নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৮। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার সাংবাদিকেদের জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুই দল সন্ত্রাসীর মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।


