গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অঞ্জু রানী দাস (৬০)। তিনি কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কালীগঞ্জে কৃষি ব্যাংকে ভাতার টাকা আনতে যান অঞ্জু রানী দাস। সেই টাকা নিয়ে বাসায় ফেরার পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে দু’টি বাসের মধ্যে তিনি চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ওই দুই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাস দু’টি আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস দু’টি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


