গাজীপুরে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ইলিয়াস চৌধুরী, গাজীপুর : গাজীপুরে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে মিরাজুল ইসলাম মিরাজ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার এমএ রাজ্জাক দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক সহপাঠী মনোয়ার হোসেন মনুকে আটক করেছে। নিহত মিরাজুল ইসলাম মিরাজ সিটি করপোরেশনের যোগীতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে এবং ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মিরাজের বাবা আমজাদ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ক্লাস রুমে বেঞ্চে বসা নিয়ে সহপাঠী মনোয়ার হোসেন মনুর সাথে মিরাজের কথাকাটাকাটি হয়। এ সময় মনু তাকে মারধর করে এবং ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে মিরাজকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদ্রাসার অন্য ছাত্র ও শিক্ষকরা মনুকে ধরে পুলিশে সোপর্দ করে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মিরাজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। জয়দেবপুর থানার এসআই লুৎফর রহমান জানান, ঘাতক মনোয়ার হোসেন মনুকে আটক এবং ছুরিটি জব্দ করা হয়েছে।