গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি ও টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওইসব এলাকার আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড়ে বিভিন্ন স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। তারা নিরাপদ সড়কের দাবিতে চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেয়। শান্তিপূর্ণ অবরোধকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সোয়া ১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে, সকাল ১০টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা এবং ১১টার দিকে কোনাবাড়ি এলাকায় আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।