গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিহাব উদ্দিন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দিনের বাড়ি খুলনার পাইকগাছায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন সিহাব। এ সময় মোটরসাইকেলটি বিজয়পাশায় পৌঁছালে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিহাব নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


