গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। একদিনের এই সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২, কান, হারেৎজ ও দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু আমিরাতে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।
তবে নেতানিয়াহুর দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
তবে নেতানিয়াহুর এবারের কথিত সফর এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।


