গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসচাপায় দীপঙ্কর বণিক (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে অপূর্ব পোদ্দার (২০) নামের অপর এক যুবক আহত হন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপঙ্কর বণিক সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ভূপতি বণিকের ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, দীপঙ্কর ও অপূর্ব মান্দারতলার একটি পেট্রোল পাম্প থেকে ড্রামে তেল নিয়ে মোটরসাইকেল করে সদর উপজেলার রঘুনাথপুর যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ওই স্থানে মহাসড়কের ওপর উঠলে দ্রুতগামী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক দীপঙ্কর মহাসড়কের ওপর পড়ে গেলে অপর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
অপর আরোহী অপূর্বকে মারাত্মক আহতাবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


