গোপালগঞ্জে বাসচাপায় এক শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় রাকিবুল সিকদার (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের হুমায়ুন কবির সিকদারের ছেলে। সে এ বছর গোপালগঞ্জ এসএস আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে রাকিবুল সিকদার তাদের বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা গ্রিন লাইনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাকিকুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে এবং বাস ভাঙচুর করে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটিকে আটক করে।