চট্টগ্রামে মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রাজ্জাক (৩৫) ও অজ্ঞাত এক নারী (৩০)। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী এই যাত্রীবাহী হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরো আট যাত্রী। দুর্ঘটনার পর পরই সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতাল এবং গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।