চট্টগ্রামে মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চাড়িয়া বুড়িপুকুর পাড় এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সা চালক নুরুল হুদা (৩০) ও ১০ বছর বয়সি শিশু আবু তৈয়ব। নিহত শিশুর স্বজন প্রকৌশলী তানভীরুল হক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী সড়কের চাড়িয়া বুড়িপুকুর পাড় এলাকায় হাটহাজারী অভিমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা চালক ও অপর এক শিশু গুরুতর আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। হাটহাজারী থানা পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেছে।