চট্টগ্রামে ২১ বিদেশ ফেরত পর্যবেক্ষণে ‘হোম কোয়ারেন্টিনে’র পরামর্শ

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রামে গত ১০ দিনে বিদেশ ফেরত ২১ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজরে রাব্বী মিয়া ক্রাইমপ্রেট্রোলবিডিকে বলেন, গত ৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে ২১ জনকে নিজ নিজ বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদের মধ্যে একজন দুবাই এবং ২০ জন ইতালি ফেরত। এদের মধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে আসা দুইজনকে ‘কোয়ারেন্টিনে’ থাকতে বলা হয়।

সিভিল সার্জন জানান, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মহানগরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়োজিত একজন চিকিৎসক তাদের নিয়মিত খবর রাখছেন।

তাদের সবাই সুস্থ দাবি করে তিনি বলেন, সতর্কতার অংশ হিসেবে তাদের নিজ নিজ বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।