নিজস্ব প্রতিবেদকঃ বস্তায় ৫০০ টাকা লাভে চাল বিক্রির দায়ে নগরের ২ নম্বর গেইট কাঁচা বাজারের এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) বিকেলে ২ নম্বর গেট কর্ণফুলী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
অভিযানে বাজারের খাজা স্টোরে বস্তা প্রতি ২ হাজার ১০০ টাকায় কেনা মিনিকেট চাল ২ হাজার ৬০০ টাকায় বিক্রি এবং বস্তা প্রতি ২ হাজার ৭০০ টাকায় কেনা কাটারিভোগ চাল ৩ হাজার ১০০ টাকায় বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত লাভে চাল বিক্রির দায়ে খাজা স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেশি দামে পেঁয়াজ-রসুন বিক্রি এবং মূল্যতালিকা না থাকায় ফিরোজা স্টোরের মালিককে ১০ হাজার, আল বারাকা স্টোরের মালিককে ৫ হাজার এবং আদিবা স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, করোনা ভাইরাসের প্রভাবকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে পণ্য বিক্রি করছেন। ২ নম্বর গেইট এলাকার কাঁচা বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৪ দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ানো হচ্ছে চালের দাম
শুক্রবার বিকেলে নগরের পাহাড়তলী চালের বাজার ও আগ্রাবাদ চৌমুহনী কাঁচা বাজারে পরিচালিত ভ্র্যাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
তিনি জানান, পাহাড়তলী চালের বাজারে মূল্যতালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রির প্রমাণ পেয়েছি আমরা। একই চাল সকালে বস্তা প্রতি ২ হাজার ৫০ টাকা, দুপুরে ২ হাজার ১০০ টাকা, বিকেলে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছে দুটি দোকান।
তিনি বলেন, এস আলম অ্যান্ড ব্রাদার্স এবং বিল্লাল স্টোর নামে ওই দুই দোকান মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগ্রাবাদ চৌমুহনী কাঁচা বাজারে মূল্যতালিকা না থাকায় দুই বিক্রেতাকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


