চট্টগ্রাম যাচ্ছেন সিইসি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে আজ মঙ্গলবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এ সময় তিনি নগর ও জেলার ১৬টি সংসদীয় আসনের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ বৈঠক শুরু হবার কথা রয়েছে।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগরীর ৬টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা পর্যায়ের ১০টি আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসাইন খানসহ চট্টগ্রামের ১৬টি আসনের সকল সহকারী রিটার্নিং কর্মকর্তা উপস্থিত থাকবেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা চট্টগ্রাম ও বিভাগী জেলা গুলোর নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।