চবি সংঘর্ষের ঘটনায় সমঝোতা, আটকদের মুক্তি

জেলা প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সমঝোতার সিদ্ধান্তে এসেছেন বগি ভিত্তিক সংগঠনগুলো এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। ফলে হল ভাঙচুরের ঘটনায় মামলা না করে আটকদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রক্টর এস এম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে আমরা মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে জিজ্ঞাসাবাদ শেষে যে ৭ জনকে আটক রাখা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। পুলিশের নিরাপত্তায় বিভিন্ন হলে ঢুকতে না পারা ছাত্রলীগ কর্মীদের উঠিয়ে দেওয়া হবে।

বৈঠকে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, প্রক্টরিয়াল বডি, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বগি ভিত্তিক সংগঠনগুলো নেতারা এবং পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার গভীর রাতে টানা দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত নেতা-কর্মী আহত হন। এসময় দুই হলের ৮০টির বেশি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হল থেকে ৫৭ জনকে আটক করলেও শেষ পর্যন্ত ৭ জনকে হাটহাজারী থানায় নিয়ে যান। সংঘর্ষ থামলেও বৃহস্পতিবার (৫ মার্চ) দিনভর ক্যাম্পাসে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

আটকরা হলেন- সিক্সটি নাইন গ্রুপের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গোলাম শাহরিয়ার, ইসলামের তিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ নাদিম, উদ্ভিদবিদ্যা বিভাগের একই বর্ষের মাশরুর অনিক, পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাবেদ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রুম্মান, হায়দার। এছাড়া বিজয় গ্রুপের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জিন্নাত মজুমদার ও কনকর্ড গ্রুপের জিসান।