আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি: নতুন কোনো করারোপ ছাড়াই দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৬৯ কোটি ১৩ লাখ ৫১ হাজার ২শত ৭টাকা বাজেট ঘোষণা করা হয়েছে৷ গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, প্রথমবারের মতো গতকাল দুপুর ১২টায় পৌর মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন মেয়র মোঃ মোরশেদ৷ প্রথম শ্রেণির এই পৌরসভার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ২ লাখ ১০ হাজার ৮ শত ৭৪ টাকা৷ উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৮ কোটি ১০ লাখ টাকা৷

সংবাদ সম্মেলনে পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে এ বাজেট জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেবে৷ এছাড়া পূর্বঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিধন, ড্রেন ও রাস্তা নির্মাণ, টিউবয়েল স্থাপন, সড়কে বাতি স্থাপন, বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করা হয়েছে৷ অতীতের ন্যায় সকলের আন্তরিক সহযোগিতায় এ বাজেট বাস্তবায়নে চরফ্যাশন পৌরসভাকে একটি অত্যাধুনিক পৌরসভায় পরিণত করা সম্ভব বলে মনে করেন পৌর মেয়র৷
অনুষ্ঠানে চরফ্যাশন পৌরসভার সচিব শামিম হাসান, প্রধান সহকারী প্রশাসন কাউছার পারভীন পরাগ, প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর ও আবদুল মতিন মোল্লা, কাউন্সিলর আক্তারুল আলম সামু, মিজানুর রহমান মনজু, সাংবাদিক এম আবু সিদ্দিক, কামরুজ্জামান সহ চরফ্যাশন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷


