চসিক নির্বাচন; ঝুঁকি নিয়ে চলছে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন চসিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হলেও স্যানিটাইজারসহ কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জামের ব্যবস্থা রাখেনি নির্বাচন কমিশন।
শনিবার (২১ মার্চ) সকালে আগ্রাবাদ খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী নিজ দায়িত্বে মাস্ক ব্যবহার করছেন। খুব কম সংখ্যক প্রশিক্ষণার্থী গ্লাভস ব্যবহার করছেন। কিন্তু ইভিএম ব্যবহারের আগে স্যানিটাইজার ব্যবহারের কোনো ব্যবস্থা নেই।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রশিক্ষণার্থী  বলেন, আমরা নির্বাচন পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে এসেছি। কিন্তু নির্বাচন কমিশন থেকে পরিস্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাই রাখা হয়নি। অন্তত স্যানিটাইজার এবং গ্লাভস দেওয়া দরকার ছিল।
আগ্রাবাদ খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে আসা স্কুল শিক্ষক মোহাম্মদ আবু তাহের বলেন, এখানে স্যানিটাইজার নেই। সবাই একই মেশিনে আঙ্গুলের ছাপ দিচ্ছে। করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে।
তবে ভিন্ন সুর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কণ্ঠে। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন খান বলেন, নির্বাচনী প্রশিক্ষণ দ্বিতীয় দিনের মতো চলছে। প্রশিক্ষণার্থীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করছি, নিরাপদভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারবো।
প্রসঙ্গত, এবারের সিটি নির্বাচনে ৭৩৫ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।