চাঁদে সুশান্ত!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। চান্দা মামা ডোর কে সিনেমায় একজন নভোচারীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। কিন্তু তার আগেই এ অভিনেতা দাবি করছেন, চাঁদে জমি কিনেছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পৃথিবীর একমাত্র উপগ্রহটির ‘সি অব মুসকোভি’ অঞ্চলে জায়গা কিনেছেন এ অভিনেতা। এই অঞ্চলটি ‘ডার্ক সাইড অব দ্য মুন’ নামে পরিচিত। এছাড়া পৃথিবীতে নিজের বাড়ি থেকে তার জমির ওপর নজর রাখার জন্য মেডে ১৪ ইঞ্চি এলএক্স৬০০ মডেলের একটি উন্নত টেলেস্কোপও কিনেছেন সুশান্ত।

একটি আন্তর্জাতিক লুনার ল্যান্ড রেজিস্ট্রি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন বলে জানা গেছে। গত ২৫ জুন চাঁদে তার জমি রেজিস্ট্রার্ড হয়েছে বলে জানা গেছে। কিন্তু এভাবে জমি কেনা বৈধ নয় জানিয়ে একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পৃথিবীর বাইরে চাঁদ ও মহাকাশের অন্য কোনো গ্রহ পুরো মানবজাতির সম্পদ কোনো ব্যক্তি বা জাতি এটি কিনতে পারেন না।’

এর মধ্য দিয়ে দ্বিতীয় বলিউড অভিনেতা হিসেবে চাঁদে জমির মালিক হওয়ার সৌভাগ্য অর্জন করলেন সুশান্ত। এর আগে বলিউড কিং শাহরুখ খানকে চাঁদে জমি উপহার দিয়েছিলেন তার এক ভক্ত।