চাঁপাইনবাবগঞ্জে ২ পিস্তলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থেকে দুইটি বিদেশি পিস্তলসহ আব্দুর রাজ্জাক ওরফে রাজু (২৬) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এ তথ্য জানায়। আটক ব্যক্তি রাজ্জাক জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজুকে আটক করা হয়।

সে সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র কেনা-বেচার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার নামে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।