চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন

করোনা রোগী শনাক্তের হার ৫৫ শতাংশ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলাব্যাপী লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।

তিনি জানান, সোমবার (২৪ মে) রাত ১২টার পর থেকে আগামী রোববার (৩০ মে) পর্যন্ত পুরো জেলায় সাত দিনের কঠোর লকডাউন থাকবে। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে বলেও জানান জেলা প্রশাসক। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করায় মঙ্গলবার (২৫ মে) থেকে ওই জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।