চাটমোহরেচলনবিলে নৌকাডুবির ঘটনায় চালানো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

পাবনা প্রতিনিধি : নিখোঁজ থাকা বাকি দুইজনের মরদেহ রোববার সকালে উদ্ধারের পর অভিযান শেষ হয়। রোববার সকাল সাড়ে ৯টায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম। তিনি জানান, নৌকাডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবিতে পাঁচজন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল শুক্রবার রাত ১টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তল্লাশি চালিয়ে পাঁচজনেরই মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর কোনো মরদেহ থাকার আশঙ্কা নেই বিধায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সাইফুল ইসলাম বলেন, ‘পাবনা ও চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী, রাজশাহী থেকে আসা ডুবুরি দল এবং স্থানীয় এলাকাবাসী নিরলস পরিশ্রম করে উদ্ধার কাজ চালিয়েছেন। আমরা সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ সবার সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৩০ ঘণ্টার মধ্যে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।