আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৯জন। স্থানীয় সময় শনিবার ভোরে হট স্প্রিং রিসোর্টটিতে অগ্নিকাণ্ড হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন হারবিন প্রচারকেন্দ্র জানিয়েছে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভোর ৪টা ৩৬ মিনিটে চারতলা ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটে। তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগে ৪০০ বর্গমিটার এলাকা পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে সম্প্রচারিত দৃশ্যে দেখা গেছে, উদ্ধারকারীরা পুড়ে যাওয়া ভবনের ভেতরে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, চীনে প্রায়ই অগ্নিদুর্ঘটনা ঘটে। এর আগে গত বছরের নভেম্বরে রাজধানী বেইজিংয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৯জনের মৃত্যু হয়েছিল।


