আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। নিহতদের মধ্যে অধিকাংশই বিদেশি পর্যটক।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে সিচুয়ান প্রদেশে এ ভূমিকম্প হয়। এতে আহত হয়েছে ১২৭ জন। উদ্ধারাভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্স অনলাইন জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ বুধবার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬ দশমিক ৫ বলা হলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা পরে (ইউএসজিএস) জানায়, এটি ছিল ৭ তীব্রতার।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০০৮ সালে যে স্থানে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল সেখান থেকে মঙ্গলবারের আঘাত হানা স্থানটি বেশি দূরে নয়। ওই ভূমিকম্পে ৮৭ হাজার লোক নিহত অথবা নিখোঁজ হয়েছিল।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল প্রাদেশিক রাজধানী চেংডু থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।


