জেলা প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৪ মার্চ) দুপুরে সদর উপজেলার নবীননগর এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় মেলেনি।
পুলিশ জানায়, বুধবার সকালে নবীননগর গ্রামের মাঠে কাজ করতে গেলে কৃষকরা ভুট্টাক্ষেতের মধ্যে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


