জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্য ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে। তাদের ধরতে ডিবির ৫০টি থানা ও কাউন্টার টেরোরিজমের সবাই কাজ করছেন। রাজধানীজুড়ে বসানো হয়েছে চেকপোস্ট।
রোববার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন এ কথা জানান।
তিনি বলেন, জেএমবি সদস্যরা পালিয়ে যাবার ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার পর সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। তাদের ধরার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার সব ব্যাপারে সতর্ক করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে। আমরা বর্ডার এলাকাগুলোতে বলে দিয়েছি, তারা যেন পালিয়ে যেতে না পারে।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি-না, কীভাবে ঘটল শিগগিরই তদন্তে বেরিয়ে আসবে।
এর আগে এদিন দুপুরে রাজধানীর পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ফিল্মি কায়দায় পুলিশের মুখে স্প্রে করে দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা।
দুটি মোটরসাইকেলে চারজন এসে আসামি ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়া আসামিরা হলেন: মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।
পুলিশের দাবি, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে পুলিশের দিকে স্প্রে ছোড়ার পরই চারদিকে ধোঁয়ার মতো হয়ে যায়। এরপরই জঙ্গিরা পালিয়ে যান।


