চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ঘোষণা দিয়েছেন, তাঁর কোনো ভাই, ভাতিজা বা আত্মীয়-স্বজন তাঁর নাম বিক্রি করে কোনো রেফারেন্সে কোনো সালিশি বৈঠকে যেতে পারবেন না। এই কঠোর নির্দেশনা না মানলে প্রচলিত আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানকে নির্দেশনা দিয়েছেন।
গত ১০ই জুন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের ছোট ভাই তোফাজ্জল হোসেনকে একটি সালিশি বৈঠকে যাওয়ার সূত্র ধরে থানায় এনে মুচলেকা নেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, যাতে আর কোনোদিন তাঁর ছোট ভাই সালিশি বৈঠকে না যান।
তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের বরাত দিয়ে অফিসার ইনচার্জ কামরুল হাসান সাংবাদিকদের বলেন, “এমপি স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন তাঁর কোনো ভাই, ভাতিজা ও আত্মীয়-স্বজন কোনো ধরনের সালিশি বৈঠক করতে পারবেন না। তাঁর নিরপেক্ষতা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্যই এমপি স্যার এই পদক্ষেপ নিয়েছেন। এই নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।”
এই বিষয়ে চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ‘সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি’-কে মুঠোফোনে বলেন, “আমি চাঁদপুর-২ আসনের সকল জনগণের প্রতিনিধি। আমার পরিবারের কোনো সদস্য কিংবা আত্মীয়-স্বজন সালিশ বৈঠক করলে আমার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আমার স্পষ্ট নির্দেশনা—আমার ভাই, ভাতিজা, কোনো আত্মীয়-স্বজন বা আমার রেফারেন্সে কেউ কোনো ধরনের সালিশি বৈঠক করতে পারবে না। আমার এই নির্দেশনা যে না মানবে, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে ও জনগণের কল্যাণে সকল নাগরিকের সুশাসন, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য এবং স্বাধীনতার সুবিচার নিশ্চিত করা হবে। আমার কোনো আত্মীয়-স্বজন স্বেচ্ছাচারিতা করতে পারবে না।”
মাননীয় সংসদ সদস্যের এই নির্দেশনা অনুসরণ করে সংবাদটি ‘মতলব টপ নিউজ’ ও ‘মতলবের খবর’-এ প্রকাশিত হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ‘সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি’-কে বলেন, চাঁদপুর-২ আসনের সকল জনগণই তাঁর ভাই-ভাতিজা এবং আত্মীয়-স্বজন, তিনি সকলের জন্যই একই নির্দেশনা দিয়েছেন।


