বিশেষ প্রতিবেদকঃ জনগণ যদি সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ধানের শীষের বিজয়ের ব্যাপারে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম রবি। শনিবার (০৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ মন্তব্য করেন।
শেখ রবিউল আলম বলেন, নির্বাচনে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। দেশের সব জনগণ তার সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার চায়। তার জন্যই বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে নির্বাচনে থাকছে। ঢাকা-১০ আসনের মানুষের কেমন সাড়া পাচ্ছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ এলাকার মানুষের সঙ্গে আমার ২৮ বছরের সম্পর্ক।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এ এলাকার রোড লেভেলে রাজনীতি করছি। তাদের সঙ্গে আমার সর্ম্পক আত্মিক। সবাই আমাকে চেনে জানে। তাদের প্রতি আমার আস্থা আছে। তারা জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে দেখতে চায়। এই দেখার সুযোগ সরকার গ্রহণ করবে কিনা এটি হলো প্রশ্ন। সরকার যদি জনমতের ভিত্তিতে ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেয় তাহলে ধানের শীষের বিজয়ের ব্যাপারে কোনো শঙ্কা নাই।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


